তা হ মি না মি লি
‘স্পাইডারম্যান’ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা ‘ফার ফ্রম হোম’ মুক্তি পেয়েছে সম্প্রতি। এখানে স্পাইডারম্যান ওরফে পিটার পার্কার চরিত্র রূপদানকারী অভিনেতা টম হল্যান্ডের বিপরীতে প্রেমিকা মিশেল এম জে চরিত্রে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন আমেরিকান অভিনেত্রী জেন্দায়া ম্যারি স্টোরমার কোলম্যান। হলিউডে সবাই তাঁকে জেন্দায়া নামেই বেশি চেনে। ২২ বছর বয়সী এই অভিনেত্রী স্পাইডারম্যান সিরিজের সিনেমা ‘হোমকামিং’-এ একই চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন। সেটা ২০১৭ সালের কথা। এরপর তাঁকে ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’, ‘ডাক ডাক গুজ’-এ দেখা গেছে। আর অ্যানিমেশন মুভি ‘স্মলফুট’-এ শোনা গেছে তাঁর কণ্ঠ। এসবের মাধ্যমে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে জেন্দায়া সবার মন জয় করে নিতে সক্ষম হয়েছেন। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে তাঁর জন্ম। তাঁর বাবা একজন আফ্রিকান-আমেরিকান আর মা জার্মান-স্কটিশ। ছোটবেলা থেকেই জেন্দায়া একজন পারফরমার হিসেবে বেড়ে উঠেছেন। ক্যালিফোর্নিয়া শেকসপিয়ার থিয়েটারের নিয়মিত শিল্পী ছিলেন। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা দিনে দিনে তাঁকে পরিপক্ব করে তুলেছে অভিনেত্রী হিসেবে। নাচেও তাঁর দক্ষতা রয়েছে। বিভিন্ন ড্যান্স গ্রুপের হয়ে বড় বড় অনুষ্ঠানে পারফর্ম করেছেন অনেকবার। নাটকের ওপর তাঁর প্রতিষ্ঠানিক শিক্ষাও রয়েছে। কণ্ঠশিল্পী হিসেবেও তাঁর খ্যাতি ও পরিচিতি রয়েছে। তাঁর গাওয়া গানের বেশ কিছু রেকর্ড বেরিয়েছে। তাঁর গান বিলবোর্ড টপচার্টেও ঠাঁই পেয়েছে। ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন জেন্দায়া। অনেক বিখ্যাত অ্যাডে তাঁকে দেখা গেছে। সেলেনা গোমেজের একটি অ্যাডে ব্যাক ড্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন জেন্দায়া। টিভি পর্দায় তাঁর কাজের পরিধিও মোটামুটি ব্যাপক বলা যায়। তাঁর অভিনীত টিভি সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘শেক ইট আপ’, ‘গুড লাক চার্লি’, ‘প্রাঙ্কস্টারস’, ‘ফ্রেনেমিস’, ‘দ্য স্টোরি অব জেন্দায়া’, ‘জ্যাপড’, ‘ব্ল্যাকিশ’, ‘ওয়াক দ্য প্রাঙ্ক’, ‘দ্য ওএ’, ‘ইউপোরিয়া’ প্রভৃতি। বর্তমানে হলিউডি মুভি ‘ডিউন’-এ অভিনয় করছেন তিনি। আগামী বছর সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ইসরায়েলি টিভি সিরিজ ‘ইউপোরিয়া’র অনুসরণে নির্মিত এইচবিও ড্রামা সিরিজে একজন মাদকাসক্তের চরিত্রে অভিনয় করেছেন। তিনি এই সিরিজের কাহিনি সূত্রধর। গত বছর টমি হিলফিগারের হয়ে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন জেন্দায়া। ফ্যাশন ওয়েবসাইট নেট-অ্যা-পোর্টার জেন্দায়াকে গত বছর সেরা পোশাক পরা নারী হিসেবে বিবেচনা করেছে। বর্তমানে একজন ড্রেস ডিজাইনার হিসেবেও কাজ করছেন জেন্দায়া। লস অ্যাঞ্জেলসে দেড় মিলিয়ন ডলারে কেনা বাড়িতে থাকছেন তিনি। একজন নিরামিষভোজী হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।
