টি-টোয়েন্টি দলের অটোমেটিক চয়েস মাহমুদউল্লাহ

বিপিএলে কম রান হওয়ার দায় ব্যাটারদের উইকেটের নয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৪

২০০৭ সাল থেকে লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে পারফর্ম করে যাচ্ছেন মাহমুদউল্লাহ। বর্তমানে তার বয়স প্রায় ৩৮ ছুঁই ছুঁই। তবে গেল বছর বয়সের ভারে আর অফ ফরমের কারণে তাকে লম্বা সময়ের জন্য কাটাতে হয় টাইগার স্কোয়াডের বাইরে। কিন্তু এরপর ফিরে এসে যেভাবে পারফর্ম করেছেন তাতে ফের দলের আস্থার জায়গা হয়ে উঠছেন তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলের ব্যাটারদের ব্যর্থতার মধ্যে ব্যাট হাতে লড়াই করে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার, করেছিলের সেঞ্চুরিও। এবার ওয়ানডে ফরম্যাটের সেই ছন্দ নিয়ে এসেছেন চলমান বিপিএলেও। 

সবশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছিলেন ২০২২ সালে।  এরপর তার পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় কুড়ি ওভারের ফরম্যাটে তাকে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায়নি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে আবারও পারফর্ম করে দলে ঢোকার আলোচনায় এসেছেন মাহমুদউল্লাহ। গেল পরশু দিন বিপিএলে সিলেট পর্বের ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের হয়ে ষষ্ঠ ব্যাটার হিসেবে মাঠে নেমে ২২১.৫০ স্ট্রাইক রেটে ৭ চার ও ২ ছয়ের মারে ২৪ বলে খেলেন ৫১ রানের  ঝোড়ো ইনিংস। আর এমন ইনিংস খেলার পরই আলোচনায় উঠেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টাইগার স্কোয়াডে মাহমুদউল্লার থাকার বিষয়ে।

এ প্রসঙ্গে গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মাহমুদউল্লাহ দলের অটো চয়েস। সম্প্রতি এই অভিজ্ঞ খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্রিলিয়ান্ট পারফরম্যান্স, আমি এটা আগেই বলেছিলাম আমাদের বিশ্বকাপে (ওয়ানডে) রিয়াদের যে স্ট্রাইক রেট ছিল সে বিবেচনায়তো ও অটোমেটিক টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ঢুকে গিয়েছে। আর এখনতো টি-টোয়েন্টিতেও সে প্রমাণ করেছে। যে জায়গায় খেলছেন তিনি, তো তিনি এখন দলের অটো চয়েসে পরিণত হয়েছেন। এ জন্য এই মুহূর্তে তাকে নিয়ে সুযোগ পাবে কি পাবে না (টি-টোয়ন্টি বিশ্বকাপে) এই প্রশ্নটা উঠছে না।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

সামনে পারফর্ম করতে তার বয়সটা বাধা হয়ে দাঁড়াতে পারে কি না, এমন প্রশ্ন শুনে জালাল ইউনুস বলেন, ‘পারফরম্যান্স করতে বয়সটা কোনো ব্যাপার না। তবে শারীরিকভাবে ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন অ্যান্ডারসন (ইংলিশ পেসার) ৪১ বছর বয়সেও কিন্তু বোলিং করে গেছেন। টেস্টে বোলিং করছেন লংগার ভার্সনে। এই বয়সে যদি তিনি বোলিং করতে পারেন, তো এই বয়সে কোনো খেলোয়াড় নিজেকে ফিট রেখে খেলা চালিয়ে যেতে পারেন এবং যদি পারফর্ম করতে পারেন তাহলে তো কোনো অসুবিধা নেই দলে রাখা নিয়ে। তাকে (রিয়াদকে) বোলিং-ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে অ্যাকটিভ। তো এখানে বয়সটা কোনো ভূমিকা রাখছে না।’

এদিকে প্রতিবারই বিপিএল মাঠে গড়ানোর আগে উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা হয়। বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজির মতো রান উত্সব দেখা যায় না এই টুর্নামেন্টটিতে। এবারও আসর শুরুর আগে উইকেট নিয়ে এই আলোচনা ছিল। তবে সেসময় টুর্নামেন্টটির টেকনিক্যাল কমিটি আশার বাণী শুনিয়ে বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে ব্যাটিং সহায়ক পিচই দেখা যাবে বিপিএলে। যদিও চলমান আসরটিতে খুব বেশি একটি রানের ম্যাচ দেখা যাচ্ছে না। কিন্তু এখানে উইকেট নয়, ব্যাটারদের ব্যর্থতাই কারণ বলে মনে করে জালাল ইউনুস। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু উইকেটের দোষ দিলে চলবে না। অনেকের ব্যাটিংয়ের যেই পরিকল্পনা দেখছি, যেভাবে আউট হয়ে আসছে এটাও রান কম হওয়ার একটা কারণ যে, তারা তাড়াতাড়ি আউট হয়ে আসছে। যদি কোনো দল কম রান করে, নিজেরা পারফর্ম না করতে পেরে উইকেটের দোষ দেয় তাহলে আমি বলব. এইটা সঠিক না। এখানে এমন না যে খেলার উপযোগী উইকেট না, ১২০ বা ১৩০ করবেন। আমার কাছে যেটা মনে হয়েছে সিলেট বলেন ঢাকায় বলেন ১৬০-এর বেশি উইকেট আমি দেখছি। তো এই যায়গায় হয়তো অনেকে ফেল করছে তাই কম রান হচ্ছে।’

ইত্তেফাক/জেডএইচ