নিমিষেই বাসচাপায় নিহত মা-মেয়ে, আহত ৫

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিযাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাদলা এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী এক নারী মারা যায়। পরে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক শিশু মারা যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মিতু সূত্রধর (৩০) নামে এক নারী নিহত হয়। এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ইচ্ছা মনি (৭) মারা যায়। নিহত নারী ও শিুশু সম্পর্কে মা ও মেয়ে। নিহতদের বাড়ি উপজেলার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামে।  এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ মোট ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন সিএনজি চালক তাইমুল (২৫) সাথিয়া উপজেলার ছেচানিয়া গ্রামের আলমাহমুদের ছেলে। অন্যরা হলেন শাহজাদপুর উপজেলার  বেলতৈল ইউনিয়নের কাদাই গ্রামের অরুণা সূত্রধর (৬০), তার ছেলে সৌরভ সূত্রধর (১৭), খুকনি ইউনিয়নের জুগিবাড়ি গ্রামের বিনয় সূত্রধরের মেয়ে কলি সূত্রধর (১৬) এবং কথা সূত্রধর (১২)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দুই আরোহী নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৫ জন আহত হয়েছেন।

ইত্তেফাক/পিও