আনন্দ রূপ নিল বিষাদে, বিয়ে বাড়িতে বরসহ ভাই নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫

ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বড় ভাই। মোটরসাইকেল নিয়ে তাকে এগিয়ে আনতে যান ছোট ভাই। কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের। ট্রাকচাপায় প্রাণ যায় দুই ভাইয়েরই। মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে!

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার মকবুলের দোকান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছোট ছেলে বর মো. সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭) ও বড় ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২)।

জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মোকছেদ আলী সরদারের মেঝ ছেলে সামিউল ইসলাম শামীমের। আর শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিয়ের দিন ধার্য ছিল ছোট ছেলে সাইফুল ইসলাম সুমনের। বুধবার সন্ধ্যায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি আসছিলেন গার্মেন্টস কর্মী বড় ভাই মনিরুল ইসলাম মমিন। নিজের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ভাইকে মোটরসাইকেল নিয়ে এগিয়ে আনতে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে যান সুমন। মকবুলের দোকান এলাকায় এলে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় প্রাণ যায় দুই ভাইয়েরই। তার তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/পিও