গেল বছর বিপিএলে এবারের মতো মাঝারি মানের দল টুর্নামেন্টের ফাইনাল খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তবে চলতি আসরে যেন নিজেদের হারিয়ে খুঁজছে গতবারের রানার-আপ দল। এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নামে দলটি। তবে সেই ম্যাচগুলোতে একটি ম্যাচে জয় নামক সোনার হরিনের দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সেই সঙ্গে সিলেটের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঝ পথে বিপিএল থেকে সরে দাঁড়ান। এমনকি আবারও তিনি দলের সঙ্গে যোগ দিবেন কি না, এই বিষয়ে রয়েছে বেশ শঙ্কা।
নিজেদের ষষ্ঠ ম্যাচে ঘরের মাটিতে আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট। মাঠে নামার আগে গতকাল অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির পেস বোলার রেজাউর রহমান রেজা। তার কথা স্পষ্ট, টানা হারে দলটির মনোবল পয়েন্ট টেবিলের মতোই তলানিতে। টানা পাঁচ ম্যাচ হারের পর দলের ভেতরের অবস্থা কেমন এমন প্রশ্নের উত্তরে রেজা বলেন, ‘খেলায় হারজিত থাকবে, যেহেতু আমরা পাঁচটাতেই হেরেছি। যেটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের আরও সাতটা ম্যাচ আছে। আমাদের চেষ্টা থাকবে, আমরা যেন ম্যাচ বাই ম্যাচ এগোতে পারি।’
মাঝপথে বিপিএলের চলতি আসর থেকে সরে দাঁড়ান সিলেট স্টাইকার্সের অধিনায়ক মাশরাফি। টিম ছাড়ার আগে দলকে কোনো বার্তা দিয়ে গিয়েছেন কি না। এমন প্রশ্নের জবাবে রেজা বলেন, ‘অবশ্যই, মাশরাফি ভাই যেহেতু আমাদের দলের অধিনায়ক ছিলেন। তিনি যাওয়ার আগে একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে গেছেন। মাশরাফি ভাই বলেন, ক্রিকেটে এমন হতে পারে, আমাদের এখনো সাতটা ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা জরুরি।’
মাশরাফি বিপিএল থেকে সরে দাঁড়ানোর পর বদলি খেলোয়াড় হিসেবে সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দেন বিপিএলের চলতি আসরে দল না পাওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার সানজামুল ইসলাম। তিনি দলে আসায় দলে কেমন প্রভাব পড়বে এই বিষয়ে সিলেটের এই বোলার বলেন, ‘সানজামুল ভাই জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলছেন। ডোমেস্টিকেও ভালো করেছেন। আমি মনে, উনি যেহেতু টিমে ব্যাক করছেন, ইনশাআল্লাহ, আমরা আশাবাদী, উনি সুযোগ পেলে আমাদের দলের জন্য ভালো কিছু করবেন।’
এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে এই ক্রিকেটার আরও বলেন, ‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো দল খারাপ দল বলে কিছু নেই। আমার কাছে মনে হয়, যে দল ভালো খেলবে তারা জিতবে।’
