আগামীকাল গণপূর্তমন্ত্রীকে সংবর্ধনা দেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হবে।

সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, টানা চতুর্থবার বিজয়ী সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে ২০১১ সালে উপনিবার্চনের মধ্যে দিয়ে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছর অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও দলীয় মনোনয়ন পেয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য ‍নির্বাচিত হয়েছেন। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পেয়েছেন।

ইত্তেফাক/এবি