নরসিংদীতে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪

নরসিংদীতে সুমন (৩৬) নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সুমনের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের ঘোড়াদিয়া-সংগীতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সদর উপজেলার সঙ্গীতা এলাকার মো. সোবান মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কিছু যুবক। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

স্বজনদের ধারণা, সুমনের সঙ্গে একই এলাকার ইলিয়াছ নামে এক যুবক দীর্ঘদিন যাবৎ মাদক কারবার চালিয়ে আসছিল। প্রথমে তারা ফেনসিডিলের ব্যবসা করতো। পরে এ ব্যবসায় লাভ না হওয়ায় তারা ইয়াবার ব্যবসা শুরু করে। ঘটনার আগের দিন বৃহস্পতিবার রাতে মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সুমনকে হত্যা করা হতে পারে।

সুমনের স্ত্রী নীপা আক্তার বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

ইত্তেফাক/এবি