রয়টার্স ও বিবিসি
ইরানের যতটুকু প্রয়োজন সেই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এদিকে ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো।
বার্তা সংস্থা আইআরআইবির প্রতিবেদনে জানানো হয়, ইরানি প্রেসিডেন্ট রুহানি বুধবার বলেছেন, ৭ জুলাইয়ের পর ইরান এর প্রয়োজন মতো ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে নির্দিষ্ট করে দেওয়া ৩.৬৭ ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করবে। তিনি আরো বলেন, চুক্তিতে থাকা বিশ্বশক্তির অন্য দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে ৭ জুলাইয়ের পর অরাক পরমাণু চুল্লিটি এর পূর্বের কাজে ফিরবে।
এদিকে ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করছে এমন খবরে ইউরোপীয় দেশগুলো ‘অত্যন্ত উদ্বিগ্ন’ বলে মঙ্গলবার এক যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। ইরান বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ প্রতিনিধির সঙ্গে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের এই সিদ্ধান্তে আমরা খেদ প্রকাশ করছি, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রধান একটি ধারাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। এই পদক্ষেপ থেকে সরে আসতে এবং চুক্তিকে খর্ব করে এমন কোনো কিছু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’
ইরান চলতি সপ্তাহে ঘোষণা করে, পারমাণবিক চুক্তিতে কমসমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের যে সীমা বেঁধে দেওয়া হয়েছে মজুত তার চেয়েও বাড়াবে তারা। দেশটির এ ঘোষণার প্রতিক্রিয়ায় ‘ইরান আগুন নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইল জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সংঘাত বাধলে তাতে তাদের যোগ দেওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।
