দিল্লির চাঁদনি চকে একটি মন্দিরে হামলার ঘটনার জেরে শহরের পুলিশ কমিশনারকে বুধবার তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার পর চাঁদনি চকের হাউজ কাজি এলাকার অবস্থা কেমন, দিল্লির পুলিশ কমিশনারের কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তা জানতে চেয়েছেন। আনন্দবাজার পত্রিকা
পুলিশ জানায়, গত রবিবার আস মহম্মদ নামে এক ব্যক্তি তাঁর বাড়ির সামনে নিজের গাড়ি পার্ক করার সময় সঞ্জীব গুপ্তা নামে এক ফলবিক্রেতার সঙ্গে বচসা হয়। এর জেরে আশপাশের বাড়ি থেকে লোকজন ডেকে এনে আস চড়াও হন সঞ্জীবের বাড়িতে। তখন পুলিশ ডাকেন সঞ্জীব। থানায় আসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে তাঁর বন্ধুবান্ধব থানা ঘেরাও করে তাঁকে ছেড়ে দেওয়ার দাবি জানান। তাতেও কাজ না হলে উত্তেজিত লোকজন কাছের একটি মন্দিরে ভাঙচুর চালায়। ঘটনাটি নিয়ে হইচইয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন গতকাল এলাকা পরিদর্শনে যান। দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক বলেন, ‘পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ এবং সিআরপিএফসহ এক হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজও মিলেছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
