বরিশাল জেলার বানারীপাড়ায় জনতা ব্যাংকের শাখা প্রয়োজন। এখানে পাঁচটি ব্যাংকের শাখা থাকলেও জনতা ব্যাংকের কোনো শাখা নেই। এখানে অনেকে আছেন চাকরি ও ব্যবসায়, যাঁদের জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাব পরিচালনার জন্য তাঁদের যেতে হয় সাত কিলোমিটার পাড়ি দিয়ে খরস্রোতা সন্ধ্যা নদীর পশ্চিম পাশের কৌড়িখাড়া নামক স্থানে। ব্যবসায়ী আবদুল হাদী বলেন, বরিশাল শহরে জনতা ব্যাংকের শাখায় আমার একটি চলতি হিসাব রয়েছে। লেনদেনের জন্য আমাকে যেতে হয় কৌড়িখাড়ায়। এটা অনেক কষ্টসাধ্য। পাঁচ থেকে দশ লাখ টাকার লেনদেন করতে হয় প্রতিদিন। বানারীপাড়ায় একটি শাখা হলে আমার ব্যবসার কলেবর আরো বাড়ানো যেত। বানারীপাড়ার পার্শ্ববর্তী উজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠী)—এ তিনটি উপজেলায় মাত্র একটি শাখা রয়েছে জনতা ব্যাংকের। বানারীপাড়ায় একটি শাখা হলে ব্যবসায়িকভাবে খুবই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবুল কালাম আজাদ
বানারীপাড়া, বরিশাল
