মানিকগঞ্জে ট্রেনলাইন নির্মাণ করা হোক

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৪৬

এক সময় ঢাকা-আরিচা ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। বঙ্গবন্ধু সেতু হওয়ার পর এই রাস্তার ব্যস্ততা কিছুটা কম হলেও ঢাকা থেকে পাটুরিয়া দৌলতদিয়া হয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল ও যশোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে এখনো যাতায়াতের সহজ রাস্তা হিসেবে ঢাকা-আরিচা রাস্তাটি বেছে নিচ্ছেন অনেকে। মানিকগঞ্জ জেলা কৃষিনির্ভর হলেও বর্তমানে এখানে শিল্প বিপ্লব ঘটছে। শিল্প কারখানার উত্পাদিত পণ্য ঢাকাসহ সারা দেশে পরিবহনের জন্য ট্রেন খুবই উপযোগী একটি মাধ্যম। ঢাকা থেকে সাভার ইপিজেড হয়ে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত ট্রেনলাইন স্থাপন করা হলে সাভার, মানিকগঞ্জ, ধামরাই এলাকার জনগণ প্রতিদিন ঢাকায় এসে অফিস করে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। পরবর্তী সময়ে পাটুরিয়া দৌলতদিয়া স্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে এই ট্রেনলাইনের মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতু দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, পাবনা, নাটোর, রাজশাহী প্রভৃতি জেলায় যাতায়াত সহজ হবে। এক্ষেত্রে সাভারে অবস্থিত ইপিজেডের অন্তর্গত শিল্প কারখানার মালামাল কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছুতে খরচ এবং সময় দুটোই কমে যাবে এবং জাতীয় অর্থনীতিতে এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। আর তাই ঢাকা থেকে আশুলিয়া হয়ে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত ট্রেনলাইন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ আওয়াল

চালা, ঝট্কা, মানিকগঞ্জ