ভারতের রান মেশিন রোহিত

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৪৭

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চার সেঞ্চুরির রেকর্ডটা ছিল কুমার সাঙ্গাকারার। গত বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন লঙ্কান গ্রেট। চলমান বিশ্বকাপে চার সেঞ্চুরি করে সাঙ্গাকারার পাশে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। ৮ ম্যাচে ৫৪৪ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ভারতীয় এই ওপেনার। এবারের আসরে ভারতের ছয়টি জয়ে রোহিতের ব্যাটের অবদান অনেক। রীতিমতো রান মেশিন হিসেবেই ধরা দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ভারতের বর্তমান দলটার সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির বিশ্বকাপ জয়ী পদক রয়েছে। সিনিয়র হয়েও রোহিতের পাশে নেই বিশ্বকাপ জয়ী দলের সম্মান। ৮ বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তখন দলে সুযোগ না পেয়ে টুইট করেছিলেন এমন, ‘বিশ্বকাপ দলের অংশ হতে না পেরে সত্যিই খুব হতাশ। এই অবস্থা থেকেই এগিয়ে যেতে হবে আমাকে। কিন্তু সত্যি বলতে এটা বড়ো ধরনের ধাক্কা।’

আট বছর পর সেই ভারতের বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত সবচেয়ে সফল ব্যাটসম্যান রোহিত। মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে তার খেলা ১০৪ রানের ইনিংসটাই ভারতের স্কোরটার মূল রসদ ছিল। যদিও ৯ রানে জীবন পেয়েছিলেন তিনি। জীবন পেয়ে সহজাত ব্যাটিংয়ে বাংলাদেশকে পুড়িয়েছেন রোহিত। বিশ্বকাপে এখন অব্দি চার সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড়টা ৯০.৬৬। ৫৪২ রান নিয়ে রোহিতের পরেই অবস্থান করছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

চলতি আসরই শুধু নয় ২০১৫ বিশ্বকাপেও হেসেছিল রোহিতের ব্যাট। ৮ ম্যাচে ৩৩০ রান করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেবার ভারতের হয়ে সর্বোচ্চ ৪১২ রান করেছিলেন শেখর ধাওয়ান।

শেখর ধাওয়ানের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে রোহিতের সঙ্গী লোকেশ রাহুল। বাংলাদেশের বিপক্ষেও ওপেনিংয়ে ১৮০ রানের জুটি গড়ে ভারতকে বড়ো রানের ভিত গড়ে দিয়েছিলেন তারা। ৭৭ রান করা রাহুল উপভোগ করছেন রোহিতের সঙ্গে তার যুগলবন্দি।

কয়েকটা ইনিংস বড়ো করতে না পারার আক্ষেপ থাকলেও রাহুল বলেছেন, রোহিতের মতো খেলার চেষ্টা করা ঠিক হবে না। এই ওপেনারের মতে, রোহিত এখন জীবনের সেরা ফর্মে রয়েছেন।  সতীর্থ রোহিতকে নিয়ে গণমাধ্যমকে রাহুল বলেছেন, ‘রোহিতের মতো ব্যাটিং করতে চেষ্টা করা হবে বোকামি। কারণ সে ভিন্ন শ্রেণির। যখন সে ছন্দ পেয়ে যায়, তখন সে পুরোপুরি ভিন্ন জগতের ব্যাটসম্যান।’ রোহিতের সঙ্গে ব্যাট করা সহজ উল্লেখ করে রাহুল বলেছেন, ‘তার সঙ্গে ব্যাটিং করাটা খুব সহজ কারণ সে আপনার উপর থেকে চাপ কমিয়ে দিবে। সে বাউন্ডারি পেতেই থাকে এবং স্কোরবোর্ডও সচল থাকে, আমার শুধু তার সঙ্গে ওখানে থাকা দরকার। এটা দারুণ মজার।’

রাহুল নিজেও বড়ো ইনিংস খেলার দিকে এগিয়ে যাচ্ছেন। নিজের ইনিংসগুলো বড়ো করতে চেষ্টা করছেন তিনি। ডানহাতি এই ওপেনার বলেছেন, ‘ব্যক্তিগতভাবে, আমি মনে করি আমি ভালোই করছি। কিন্তু আমি পুরো সন্তুষ্ট নই কেননা অনেকবার ভালো শুরু পেয়েও তা টেনে নিয়ে যেতে পারিনি।’