সড়ক ঘেঁষে অবৈধ স্থাপনা যানবাহন চলাচলে ঝুঁকি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৪৮

শমশেরনগর-ভানুগাছ সড়ক

 নূরুল মোহাইমীন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর বাজার সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজারের তত্ত্বাবধানে থাকা ভূমি দখল করে সড়ক ঘেঁষেই গড়ে উঠছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাকা-আধাপাকা স্থাপনা। ফলে যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে ক্রসিং করছে। তাছাড়া, রাস্তা পারাপারের জন্য সড়কের পাশে নেই পর্যাপ্ত ফাঁকা জায়গা। এতে যাতায়াতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে যানবাহনের চালক, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল, ভানুগাছ, শমশেরনগর, কুলাউড়া সড়কের শমশেরনগর বাজারের ভানুগাছ রোডে দুপাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। সড়কের গাঁ ঘেঁষে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সিএনজি-অটোরিকশা ও ট্রাক-পিকআপ স্ট্যান্ড ও পাকা দেয়ালের অফিস স্থাপন করা হয়েছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সিএনজি-অটোরিকশা, ট্রাক, পিকআপ ভ্যান। ব্যস্ততম এই সড়কে সুজা মেমোরিয়াল কলেজ, বিএএফ শাহীন কলেজ, হাজি মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল, গাজি সালাহ উদ্দীন অ্যাকাডেমি ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করেন।

তাছাড়া স্থানীয় সকল প্রকার যানবাহন চলাচল করার কারণে ঐ স্থান পারাপারে দুটি গাড়ি ক্রসিং করা রীতিমতো সম্ভব হয় না। এছাড়া আলীনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সড়কের ভূমি দখলে নিয়ে প্রতিষ্ঠান গড়ে উঠছে।

হাজি মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিছা সুলতানা, শাপলা আক্তার, নাজরিন সুলতানা, সুজা মেমোরিয়া কলেজের শিক্ষার্থী সালমা বেগম, নিলীমা সুলতানা, রুবেল আহমদ বলেন, শমশেরনগর চৌমুহনা থেকে ভানুগাছ সড়কের শ্রমকল্যাণ কেন্দ্র পর্যন্ত রাস্তা সংলগ্ন দুপাশের যানবাহন ও দোকানপাটের কারণে যাতায়াত করতে দুর্ভোগ দেখা দেয়। দোকানপাট গড়ে ওঠায় সড়কের পাশে স্থান না থাকার কারণে অনেক সময় দুপাশ থেকে গাড়ি আসলে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ।

শিক্ষক বিপ্লব ভূষন দাস, জমশেদ আলী বলেন, সড়কের দুপাশে প্রতিষ্ঠান ও যানবাহন থাকায় শিক্ষার্থী পথচারীদের যাতায়াতের এই স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে গাড়ি আসলে দুপাশে দাঁড়ানোর মতো জায়গাও নেই। তারা আরো বলেন, বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এসব বিষয়ে অবহিত করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিষয়টি নিয়ে মৌলভীবাজার সওজ বিভাগের কাছে কয়েক দফা বলা হয়েছে। পূর্বে চিঠিও দেওয়া হয়েছে। সওজ বিভাগ পদক্ষেপ নেওয়ার কথা।

এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়কের এই বিষয়ে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। নতুন করে কেউ প্রতিষ্ঠান করলে সেটিও তালিকায় আসবে। তারপর পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে।