‘মেসিকে রুখে ফাইনালে ব্রাজিল’

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৪৮

গ্যাব্রিয়েল জেসাস ও রবার্তো ফিরমিনোর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ তে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। স্বাগতিক কোচ তিতের অভিমত, ‘ভিনগ্রহী’ লিওনেল মেসিকে আটকানোর ফলেই জয়টা সহজ হয়ে গিয়েছে তাদের জন্য।

ব্রাজিল বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত খেলাটিতে শুরু থেকেই আধিপত্য দেখায়। ১৯ মিনিটে অধিনায়ক দানি আলভেজের বাড়ানো বলে ফিরমিনহোর পাসে পাওয়া বলে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসাস। এরপরই খেলায় ফেরে আর্জেন্টিনা। জেসাসেরই ক্লাব সতীর্থ সার্জিও আগুয়েরোর হেড প্রতিহত হয় পোস্টে লেগে।

মেসির একটি শটও দ্বিতীয়ার্ধে অভিন্ন পরিণতি লাভ করে। এরপর বক্সের একটু বাইরে থেকে আর্জেন্টিনা অধিনায়কের নেওয়া ফ্রি কিক রুখে ব্রাজিলের অগ্রগামিতা ধরে রাখেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ৭০তম মিনিটে অনেকটা ধারার বিপরীতে গিয়েই রবার্তো ফিরমিনোর গোল খেলার ভাগ্য নিশ্চিত করে দেয়। ২০০৭ সালের পর আবারও শিরোপার লড়াইয়ে পৌঁছে যায় তিতের শিষ্যরা। অন্যদিকে ২০০৫ সালে ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে শেষবার জয় পাওয়া আর্জেন্টিনার অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়।

এবারের কোপা আমেরিকায় এখনো কোনো গোল হজম করেনি ব্রাজিল। গতকাল আর্জেন্টিনার বিপক্ষেও খুব বেশি সুযোগ দেয়নি দলটির রক্ষণভাগ। মেসির নেতৃত্বে আলবিসেলেস্তে আক্রমণ মাঝমাঠ দাপিয়ে বেড়ালেও ব্রাজিল রক্ষণের সামনে আসতেই ক্রমশ ভোঁতা হয়ে আসছিল। পুরো ম্যাচে লক্ষ্যে মোটে দুটো শট তারই প্রমাণ দেয়। কোচ তিতে তাই জয়ের সিংহভাগ কৃতিত্ব দিল রক্ষণকেই।

ব্রাজিল কোচ মনে করেন, মেসিকে প্রাপ্য সম্মান দেখিয়ে ছক কষা, আর ম্যাচে তার প্রতিফলনই জয় পেতে সাহায্য করেছে তার দলকে। তিতে বলেন, ‘আমি স্ক্যালোনির সঙ্গে কথা বলেছিলাম, সম্ভবত সে আপনাদের সঙ্গে কথা বলেছে। কিন্তু মেসি ভিনগ্রহী, সে ব্যতিক্রমী। এমন বিবেচনা আর শ্রদ্ধা পাওয়ারই যোগ্য সে, এমন মানের খেলোয়াড়কে রুখতে এটাই করা উচিত। স্বাভাবিক খেলাটা খেললে তাকে আটকাতে পারবেন না আপনি।’

তিনি আরো বলেন, ‘দলের কাঠামোকে ঢেলে সাজাতে হয়েছিল আমাদের। তার প্রভাব কমানোর জন্য ফিরমিনোকে কিছুটা নিচে নামিয়ে আনতে হয়েছিল আমাদের। আমরা গোল করেছিলাম এবং এরপর স্বাভাবিকের চেয়ে কম বলের দখল পেয়েছিলাম কিন্তু ম্যাচে আমরা কার্যকারিতা এনেছিলাম এবং আমরাই ম্যাচের নির্ণায়ক ছিলাম।’

এদিকে প্রতিযোগিতার শুরু থেকেই মাঠের বেহাল দশা নিয়ে অভিযোগ তোলা মেসি এদিন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রেফারিংকে। আর্জেন্টিনা অধিনায়কের মতে ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছিল তার দল। তিনি বলেন, ‘তারা আমাদের চেয়ে শ্রেয়তর প্রতিপক্ষ ছিল না। তারা শুরুতেই জাল খুঁজে পেয়েছিল এবং তাদের দ্বিতীয় গোলের আগেই একটি পেনাল্টি আবেদনে সাড়া দেয়নি রেফারি, যার জের থেকেই গোলটা আসে।’

এ প্রসঙ্গে মেসি আরো বলেন, ‘রেফারিরা অনেক অপ্রয়োজনীয় কার্ড দেখিয়েছে কিন্তু তারা মোটেও ভিএআর দেখেনি, এটা অবিশ্বাস্য। পুরো ম্যাচ ধরেই এমনটা হয়ে এসেছে। খোলা চোখে যা দেখেছে তাতেই তাদের (ব্রাজিলের) পক্ষে রায় দিয়েছে এবং এসব সিদ্ধান্তের ফলে ম্যাচ থেকে মনোযোগ সরে গিয়েছিল আমাদের।’

তবে একে মোটেও অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না মেসি। তিনি বলেন, ‘আমাদের কোনো প্রকারের অজুহাত নেই কিন্তু এক্ষেত্রে আমাদের বিশ্লেষণ ও পুনর্বিবেচনা করে দেখা উচিত। আশা করি কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক) এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’