সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে স্থানীয় তোফাজ্জল হোসেন নামে এক বখাটে কর্তৃক প্রতিষ্ঠানের শিক্ষকের উপর হামলা, নির্যাতন ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা ও তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা (সুসক)।
বুধবার দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন— বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর খান, শিক্ষক কালীপদ দাশ, আমিনুল ইসলাম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বখাটে তোফাজ্জলকে গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৩০ জুন সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নকলে বাধা দেওয়ায় শ্রেণিকক্ষে ঢুকে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এক শিক্ষকের উপর হামলা করে তোফাজ্জল নামে এক বখাটে। এসময় অন্য শিক্ষকরা এগিয়ে আসলে তাদের উপরও অতর্কিত হামলা চালায় সে।
