গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির সময়টা এমন যাচ্ছে। ম্যাচ জেতাতে পারলে মাঝে মাঝে করতালি জিতছে। তার চেয়ে বেশি সমালোচনা হচ্ছে ভারত হারলেই। প্রায়শ ভারতের যে কোনো ভুলের দায় নিতে হচ্ছে এই সাবেক অধিনায়ককে।
এমনকি ধোনি বলেন, তিনি সমালোচনা বা প্রশংসা কোনোটাই খুব একটা গায়ে মাখেন না। কিন্তু আস্তে আস্তে বিদায়ের সময় যে চলে আসছে, সেটা নিয়ে সন্দেহ নেই। অবশেষে ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া সে দেশের এক বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে জানালো, এই বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচই হতে যাচ্ছে ভারতের জার্সি গায়ে এই তারকার শেষ ম্যাচ।
ভারতীয় দল এই ব্যাপারটা নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করছে না। তবে বোর্ডের এক কর্মকর্তা বলছেন, ১৪ জুলাই লর্ডসে ট্রফি জিতেই ধোনিকে বিদায়ী উপহার দিতে চায় দলটা।
বিসিসিআইয়ের ওই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন, ধোনিকে নিয়ে অনুমান করা কঠিন। তারপরও তিনি যতোদূর জানেন, তাতে ধোনির বিশ্বকাপের পর আর খেলার কথা নয়। এই কর্মকর্তা বলেছেন, ‘আপনি কখনোই এমএস ধোনিকে নিয়ে অনুমান করতে পারবেন না। কিন্তু এটা খুবই অসম্ভব যে, সে বিশ্বকাপের পরও আর জাতীয় দলের হয়ে খেলবে। কিন্তু সে যেভাবে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে হঠাত্ সরে দাঁড়িয়েছিলো, তাতে তাকে নিয়ে কিছু অনুমান করা কঠিন।’
ভারতের বর্তমান নির্বাচক কমিটি চলতি বছরের অক্টোবর পর্যন্ত কাজ করবেন। তবে তারা এরই মধ্যে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ফলে তাদেরকে ধোনির বিকল্প নিয়েও ভাবতে হচ্ছে। কারণ নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর খুব বেশি সময় পাবে না।
ধোনির বিকল্প খোঁজার আগে এটা জানা জরুরি যে, তিনি আসলেই এখন সরে দাঁড়াচ্ছেন কি না। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউ বিশ্বকাপের এই মাঝপথে এরকম স্পর্শকাতর একটা ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি।
ধোনি বিশ্বকাপে ৭ ম্যাচে ২২৩ রান করেছেন। তাকে নিয়ে বিশ্বকাপে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে, তিনি খুব একটা স্ট্রাইক বদল করে খেলতে পারছেন না। ইংল্যান্ডের বিপক্ষে তার খেলার ধরন নিয়ে সমালোচনা করেছেন খোদ সৌরভ গাঙ্গুলি বা শচীন টেন্ডুলকারও। তবে টেন্ডুলকার গত ম্যাচের পরই আবার বলেছেন, ধোনির যা করার কথা, তিনি ঠিক তাই করছেন।
ধোনি সম্পর্কে বলতে গিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘আমি মনে করি, সে খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। দলের জন্য যা করার দরকার, সে ঠিক তাই করছে। সে যদি ৫০ ওভার পর্যন্ত টিকে থাকতো তাহলে সে দলকে আরো রান এনে দিতে পারতো। ফলে সে ঠিক কাজটাই করেছে।’
