গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় মরিচ খেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চালক বিপুল মিয়ার লাশ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে দুই কিলোমিটার পূর্ব পাশে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের কাঁচা সড়ক থেকে বিপুল মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত বিপুল মিয়া পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক নওয়াবুর রহমান জানান, লাশের গলা তার নিজের পরনের লুঙ্গি দিয়ে পেঁচানো ছিল এবং মুখে ঘাস ও লতাপাতা গুঁজে দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে দুর্বৃত্তরা। তবে হত্যার রহস্য সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়েছে।
