পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এনের সঙ্গে জোট গঠনের কথা বলেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দল যাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করবে, তাকে সমর্থন দেবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে তারা সরকারে যোগ দেবে না। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পিপিপি যদি পিএমএল-এনকে সমর্থন না দিত, তাহলে দেশের ক্ষতি হতো। পিপিপি শুধু ভোটের ফলাফল নিয়ে আপত্তি তোলা দল হতে চায় না। আমরা চাই কেন্দ্রে একটি সরকার গঠিত হোক এবং সেটি কার্যকর হোক।
কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে-ফিরে দুটি দলই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরিফের পিএমএল-এন ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি।
