জাজিরায় ২৪ ঘন্টা না যেতেই ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ২

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৩

শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- কাজিরহাট এলাকার দবির মোল্লার ছেলে কালু মোল্লা (৩৫) ও রামকৃষ্ণ গ্রামের বাসিন্দা হাকিম কাজীর ছেলে পান্নুকাজী (৩৫)

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বাসিন্দা ফেরদৌস (২৪) ও তার বন্ধু লাদেন ইসলাম (২৩) ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্য মোটরসাইকেল যোগে রওনা করে রাত আনুমানিক ২ টায় জাজিরা উপজেলার কাজিরহাটের সবুজ ছাতা থেকে ২০০ গজ সামনে কাজিরহাট গামী ব্রিজে পৌঁছালে ৭-৮ জন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র দা, ছুড়ি ও চাপাতি নিয়ে তাদের পথরোধ করে মোটরসাইকেলের চাবি নিয়ে যায় এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেলের চাবি ফেরত দিয়ে ডাকাতরা চলে যায়। 

এ ঘটনায় জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফেরদৌস। জাজিরা থানা পুলিশ অভিযোগের সূত্র ধরে চব্বিশ ঘণ্টা না যেতেই ডাকাতির সঙ্গে জড়িত দুইজন ডাকাত, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র রামদা ও নগদ টাকা উদ্ধার করে ডাকাতির রহস্য উদঘাটন করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গত রাতে জাজিরার কাজিরহাট এলাকার ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম স্যারের নির্দেশে আমরা ডাকাতির রহস্য উদঘাটন করার জন্য অভিযান পরিচালনা করি অবশেষে ২৪ ঘণ্টা না যেতেই গত রাতে ডাকাতির সাথে জড়িত দুইজন ডাকাতকে নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করি।

ইত্তেফাক/এমএএম