জুভেন্তাসের জয়রথ চলছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

ফিওরেন্টিনার বিপক্ষে নিজেদের সেরা রূপে মেলে ধরতে না পারলেও সুযোগগুলো কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সফরকারী জুভেন্তাস। প্রতিপক্ষের মাঠে শনিবার সিরি ‘এ’ ৩-০ গোলে জেতে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা ম্যাসমিলিয়ানো অ্যালেগ্রির দলের পয়েন্ট হলো ৪০। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।

প্রতিযোগিতায় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল জুভেন্তাস ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়তে বসেছিল। মার্কো বেনাসি্সর জোরালো শট শেষ মুহূর্তে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় শিরোপাধারীরা।

৩১তম মিনিটে গোছানো এক আক্রমণে জুভেন্তাসকে এগিয়ে দেন রড্রিগো বেন্টানকুর। পাওলো দিবালার সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার। বিরতির পর ইউভেন্তুসের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিকরা। তবে আক্রমণভাগের ব্যর্থতায় পোলিশ গোলরক্ষক ভয়সেচ স্ট্যাসনিকে তেমন কোনো পরীক্ষায়ই ফেলতে পারছিল না তারা।

উল্টো আট মিনিটের ব্যবধানে আরও দু’বার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জুভেন্তাস। ৬৯তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে স্লাইডিং শট নেন জর্জিও চিয়েলিনি। বল গোলরক্ষকের হাতে লেগে উপরে উঠে যায়। হেড করতে রোনালদো ছুটে গেলেও মাথা ছোঁয়াতে পারেননি তিনি, এক ড্রপে বল ঠিকানা খুঁজে নেয়।

৭৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান আরও বাড়ান রোনালদো। ডি-বক্সে ফিওরেন্টিনার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় ইউভেন্তুস। সিরি ‘এ’-তে নিজের অভিষেক মৌসুমে রোনালদোর এটি দশম গোল। জুভেন্তাসের হয়ে তার মোট গোল হলো ১১টি।

এই দিনে অনন্য এক রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। সিরি ‘এ’ লিগে সবচেয়ে দ্রুততম সময়ে ১০ গোল করে ৬০ বছর আগের রেকর্ড ছুঁলেন এই পর্তুগিজ তারকা। জুভেন্তাসের হয়ে লিগ শুরুর ১৪ ম্যাচেই ১০ গোল পূর্ণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর আগে ১৯৫৭/৫৮ মৌসুমে জোহান চার্লস জুভেন্তাসের হয়ে সর্বশেষ প্রথম ১৪ ম্যাচে ১০ গোল করেছিলেন।