বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট: সালমান এফ রহমান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯

বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী বিশ্বখ্যাত চেইনশপ ও পোশাকের ক্রেতা কোম্পানি ওয়ালমার্ট। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট এ আগ্রহের কথা জানান। 

এ সময় ওয়ালমার্টের গ্লোবাল গভর্নমেন্ট এ্যাফেয়ার্স এন্ড বিজনেস ডিপ্লোমেসি ভাইস প্রেসিডেন্ট পল ডাইকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে খুব দ্রুত দেশের পোশাক শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসায় বাংলাদেশ তাঁর ব্যবসায় পরিধি বাড়াতে চায়।

তিনি প্রাকৃতিক তন্তুর পাশাপাশি মনুষ্য সৃষ্ট সুতার পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সাথে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানালে তারা এ ব্যাপারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সালমান এফ রহমান জানান, দেশের সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের অনেক পোশাক কারখানা বিশ্বের সর্বোচ্চ মানদন্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কম্প্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতা-প্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি।

ওয়ালমার্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাকের সুনাম রয়েছে। ওয়ালমার্ট দীর্ঘদিন যাবৎ এ দেশের পোশাক আমদানির সাথে জড়িত। করোনা মহামারীকালীন ক্রয়াদেশ কিছুটা কমলেও আশাকরি এখন তা বাড়বে।

ইত্তেফাক/এএইচপি