গাজীপুরের শ্রীপুর নয়নপুরের অটো স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসাইন, গাজীপুর ইউনিয়নের হাছেন আলীর ছেলে শাহজালাল, কালিয়াকৈরের মৌচাক এলাকার ভান্নারা গ্রামের মৃত শামছুল হকের ছেলে সেলিম কবির, পাবনার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের কেরামত সরদারের ছেলে সুজন সরদার, ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভুবনপোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আবু রায়হান ও ময়মনসিংহ জেলার পাগলা থানার হরিপুর মোহলুল গ্রামের আলাউদ্দিনের ছেলে রাসেল মিয়া। নিহতের মধ্যে সেলিম কবির কারখানার সিনিয়র উত্পাদন কর্মকর্তা, রাসেল মিয়া নিরাপত্তা বিভাগ, শাহজালাল উত্পাদন বিভাগ, আনোয়ার হোসেন, রায়হান ও সুজন এসি প্ল্যান্টের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল বুধবার ভোরে কারখানার ভেতর থেকে আনোয়ার হোসাইন, শাহজালাল ও সেলিম কবিরের পুড়ে যাওয়া মরদেহ বের করে আনা হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে অপর দুই শ্রমিক সুজন সরদার ও আবু রায়হানের মরদেহও আগুনের ধ্বংস স্তূপ থেকে উদ্ধার করা হয়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) হারুনুর রশিদ জানান, কারখানাটিতে গত মঙ্গলবার ‘বি’ শিফটে প্রায় সাড়ে চারশ শ্রমিক কাজ করছিল। দুপুর আড়াইটার দিকে কারখানাটির তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট রাত ২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিন, সূতা ও সব ধরনের কাঁচামালসহ পুরো কারখানাটিই ভস্মীভূত হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আশপাশের ১৮টি ফায়ার সার্ভিসের ১০২ জন সদস্য আগুন নেভানোর কাজে যোগ দেন। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরো জানান, কারখানার আশপাশ হতে পানির যোগান না পাওয়ায় ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হয়। এই সময়ে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে অটো স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি আগুন লাগার প্রকৃত কারণ, ঘটনায় দায়ীদের চিহ্নিতকরণ, ক্ষয়-ক্ষতির নিরূপণ এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশমালা প্রদান করবে।
এছাড়া মঙ্গলবার রাতেই আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
