রথযাত্রা আজ শুরু

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৩৬

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উলটো রথযাত্রা। এবারের উলটো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই।   

রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উত্সব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত। গাজীপুরের জয়দেবপুরে এই রথযাত্রা মাণিক্যমাধবের রথযাত্রা নামে পরিচিত। ভারতের ওড়িশা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথদেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে              রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে।

জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে  আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকার ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হচ্ছে। ইসকনের স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও আলোচনা সভা শেষে দুপুর আড়াইটায় সেখান থেকে রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। তিনটি সুবিশাল রথসহ এ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে।

স্বামীবাগ আশ্রমে মঙ্গল প্রদীপ জ্বেলে রথযাত্রার উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ১২ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রম পর্যন্ত উলটো রথযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সব অনুষ্ঠানমালা শেষ হবে। ধামরাইয়ে আজ বিকাল ৩টায় ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা শুরু হবে।

এছাড়া পুরনো ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও রথযাত্রা উত্সব অনুষ্ঠিত হবে।     

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রথযাত্রা অনুষ্ঠান নির্বিঘ্নে করার স্বার্থে ঐ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে। রথযাত্রা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।  

রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব) সি আর দত্ত বীরউত্তম, ঊষাতন তালুকদার, হিউবার্ট গোমেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটি সভাপতি শৈলেন মজুমদারসহ নেতারা ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।