রাঙ্গামাটির ঢাকাইয়াটিলায় আগুনে পুড়েছে শতাধিক বসতঘর

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৩৯

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলাতে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান, ২টি ফার্নিচার কারখানাসহ শতাধিক বসতঘর পুড়ে গেছে। স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় ৫ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে। স্থানীয়রা ধারণা করছে বসতঘরের চুলা থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এলাকাবাসী জানায়, রাত পৌনে একটার সময় আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত উপস্থিত থেকে স্থানীয়দের সহযোগিতা করেন।