স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ৬৪ রানের জয়ে ১-০ তে এগিয়ে যাওয়া স্বাগতিকরা মিরপুরে দ্বিতীয় টেস্টে আরও দুর্বার। ম্যাচের দৈর্ঘ্য সমান হলেও মিরপুরে জয়টা এসেছে ইনিংস ও ১৮৪ রানে। ঐতিহাসিক জয়ে ২-০ তে সিরিজ বগলদাবা করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশের স্পিনের জবাব ছিল না ওয়েস্ট ইন্ডিজের কাছে। সাকিব-মিরাজ-তাইজুল-নাঈমদের ঘূর্ণি জালে দিশেহারা হয়ে ক্যারিবিয়ানরা সিরিজ হারল বড় কোনো প্রতিরোধ ছাড়াই।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এত সহজে জয় আশা করেননি। ইনিংস ব্যবধানে আসা জয়টা মনে রাখার মতো বলেই উল্লেখ করেছেন তিনি।
গতকাল ম্যাচ শেষে মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভাপতি সাংবাদিকদের বলেছেন, ‘আসলে আপনারা যদি বিশ্ব ক্রিকেট দেখেন, দেখবেন যে বিদেশে খেলতে গিয়ে সবারই সমস্যা হচ্ছে। আমাদেরও হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তারা আমাদের এখানে আসার আগে ভারতে খেলে এসেছে, ভালো ভালো স্পিনারদের খেলে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে। সে দিক থেকে বলবো যে, এই টেস্টটা বাংলাদেশ যেভাবে জিতেছে, তা মনে রাখার মতো।’
তবে জয় এত সহজে ধরা দিবে তা ভাবেননি নাজমুল হাসান পাপন। গতকাল তিনি বলেন, ‘এতো সহজে জয় আসবে তা আমরা ভাবিনি। আমাদের ব্যাটসম্যানদের দেখেন, এখানে সকলেই রান করেছে, ডাবল ফিগারে এসেছে। এতো বছর খেলার পর এই প্রথম আমরা কোনো দলকে ইনিংস ব্যবধানে হারালাম, সত্যিই এটা মনে রাখার মতো।’
আগামী ৯ ডিসেম্বর উইন্ডিজদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটাও ভালো হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেছেন, ‘ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজ বেশি শক্তিশালী। সব ফরম্যাটেই ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল। তবে ওয়ানডের রেকর্ডটা আমাদের পক্ষে আছে। সে দিক দিয়ে চিন্তা করলে, যেভাবে দল খেলছে, তাতে আশা করা যায় যে, ওয়ানডেতেও ভালো করবো।’
গতকাল ১৬ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিবি। বোর্ড সভাপতি বলেছেন, শুধু দল গঠন নয়, ম্যাচে একাদশ কেমন হবে সেটা নিয়েও নাকি আলোচনা হয়েছে। নাজমুল হাসান পাপন সাংবাদিকদের ওয়ানডে দল নিয়ে বলেছেন, ‘আমরা ১৮ জনের (আসলে ১৬) একটা দল তৈরি করেছি, সেখান থেকে এক ঘণ্টায়ও একাদশ তৈরি করতে পারছিলাম না; কারণ কাকে বাদ দিবো! এটা একটা বিরাট ও ভালো সমস্যা। অনেকগুলো খেলোয়াড় আছে যারা যোগ্য, কিন্তু সবাইকে সুযোগ দেয়া সম্ভব হচ্ছে না।’
টেস্টের মতো ওয়ানডেতে একপেশে লড়াই হবে মনে করছেন না বিসিবি সভাপতি। তবে বাংলাদেশের হারের কারণ দেখছেন না তিনি।
