লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাইরে একটি অভিবাসী বন্দি শিবিরে বিমান হামলায় নিহত ৪৪ জনের মধ্যে বাংলাদেশিও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, বাংলাদেশিদের হতাহতের বিষয়টি নিশ্চিত হতে ঘটনাস্থলে কর্মকর্তারা গেছেন। তারা বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। তবে এখনো বাংলাদেশিদের হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে এ বিমান হামলা চালানো হয়। খালিফা হাফতারের নেতৃত্বে সরকার বিরোধীরা এ হামলার জন্য সরকারি বাহিনীকে দায়ী করেছে। এ হামলায় আরো ৮০ জনের মতো আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। লিবিয়ার সরকার পরিচালিত বন্দি শিবিরে হাজার হাজার অভিবাসীকে আটকের পর রাখা হয়। যেগুলোর বেশিরভাগই দেশটির সংঘাতপূর্ণ এলাকাগুলোর কাছাকাছি অবস্থিত।
