চট্টগ্রামে গার্মেন্টসে আগুন, আহত ১২ কর্মী

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৪২

নগরীর নাসিরাবাদ বেবি সুপার মার্কেট সংলগ্ন এমএস গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় ১২ গার্মেন্টস কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এমএস গার্মেন্টসের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, দুলালী, সাজিদা, লিজা আক্তার, সালমা বেগম, শারমিন আক্তার, রুনা প্রু মারমা, রেহেনা, ঝরনা, স্বপ্না, লিপি বেগম ও লিপি দাস।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার জানায়, আগুনের হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ১২ গার্মেন্টস কর্মী আহত হয়েছেন। তারা চমেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানায়, নাসিরাবাদ এমএস গার্মেন্টসে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন বিস্তার ঘটার আগেই গার্মেন্টস কর্মীরা তা নিভিয়ে ফেলে।