স্পোর্টস রিপোর্টার
টেস্ট সিরিজ দিয়েই ফেরার কথা ছিল তামিম ইকবালের। এশিয়া কাপে পাওয়া আঙুলের চোট কাটিয়ে ব্যাটিংও শুরু করেছিলেন। কিন্তু হুট করে সাইড স্ট্রেইনের ব্যথায় পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজটা মিস করলেন তিনি। তবে ওয়ানডে সিরিজে বাঁহাতি এই ওপেনারকে ঠিকই পাচ্ছে বাংলাদেশ। চোট কাটিয়ে উঠা তামিমকে রেখেই উইন্ডিজদের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।
গতকাল ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টেস্ট সিরিজ খেললেও তামিমের মতোই ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে ছিলেন না তিনিও। চোটাঘাতের ধাক্কা আপাতত থামায় তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণ শক্তির বাংলাদেশ দলকেই দেখা যাবে। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ফজলে মাহমুদ রাব্বি ও নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া দলের বাকি সদস্যরা অপরিবর্তিত রয়েছেন।
মিরপুর টেস্ট চলাকালীন মধ্যাহ্ন ভোজের বিরতিতে প্রতিদিনই বিসিবি একাডেমির নেটে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। আর ওই সময়টাতে তাই একাডেমি মাঠের চারপাশে দর্শকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। পেস বোলার, স্পিনারদের বিরুদ্ধে নিয়মিত সাবলীলভাবে ব্যাটিং করেছেন অভিজ্ঞ এই ওপেনার।
তারপরও ম্যাচ ফিটনেস যাচাই করতে আগামী ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটা খেলবেন তামিম। এশিয়া কাপের পর থেকে খেলার বাইরে থাকা মাশরাফি অনুশীলন শুরু করেছেন। প্রস্তুতি ম্যাচটা খেলবেন ওয়ানডে অধিনায়কও।
বাদপড়া শান্ত এশিয়া কাপে তিন ম্যাচ খেলে ২০ রান করেছিলেন। জিম্বাবুয়ে সিরিজে দলে থাকলেও ম্যাচ পাননি। ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর খেলে জাতীয় দলে আসা ফজলে মাহমুদ রাব্বি সুবিধা করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি।
এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, টেস্টের মতো ওয়ানডে সিরিজ এমন একপেশে হবে না। মিরপুর স্টেডিয়ামে তিনি বলেন, ‘ওয়ানডেতে সব কিছু একপেশে হবে কি-না তা বলা কঠিন। কারণ তখন উইকেট অন্য রকম হবে। আরও স্পোর্টিং হবে। আমার মনে হয় দলের ফর্ম যেমন, তাতে আমাদের হারার কোনো কারণ দেখি না। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর ওয়েস্ট ইন্ডিজেরও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ২-০ তে হেরেছিল বাংলাদেশ। পরে ওয়ানডে, টি- টোয়েন্টিতে অবশ্য স্বাগতিকদের সিরিজ হারিয়েছিল মাশরাফির দল। গতকাল মিরপুরে উইন্ডিজদের বিরুদ্ধে ২-০ তে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। বিসিবি সভাপতির আশা, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও এই দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি করবে টাইগাররা।
বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
