সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রাম থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা হলেন, স্বামী বাসেদ মিয়া বাচ্চু (৬০) ও স্ত্রী মোকতেজান বেগম (৫৩)। এ ঘটনায় গতকাল বুধবার সোনারগাঁও থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, বাচ্চু জুয়া ও মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হতো। আর স্ত্রীকে হত্যার পর সে নিজে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসবে। বাচ্চুর ছোট ছেলে শরিফ বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
