ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টেই খেলেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফরম্যান্সে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ভারতের দুই টেস্ট জয়ের অন্যতম নায়কও এই পেসার। তবে অতিরিক্ত খেলার ধকল এড়াতে রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, রাজকোট টেস্ট শেষে বুমরাহ যাবেন আহমেদাবাদে নিজের বাড়িতে। অন্যদিকে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাঁচির উদ্দেশে রওনা করবে ভারতীয় ক্রিকেট দল।
বুমরাহর পরিবর্তে কাকে নেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে মুকেশ কুমারের নাম শোনা যাচ্ছে। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে দল থেকে ছুটি দেওয়া হয়েছিল মুকেশকে। রাঁচিতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
