ভারতের মাটিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ১০৬ রানের হারের পর তৃতীয় ম্যাচে ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে হারে বেন স্টোকসের দল। এমন হারের পরও ভারতের বিপক্ষে ২-৩ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন দেখেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। গেল পরশু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ফলে পাঁচ দিনের ম্যাচ শেষ হয়ে যায় চার দিনেই। এতে করে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।
তবে পরবর্তী দুই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিততে চায় ইংল্যান্ড। রবিবার তৃতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর বিষয়ে বেন স্টোকস বলেন, ‘আমরা জানি যে জিনিসগুলো আপনি যেভাবে চান, সেটা সব সময় সঠিকভাবে কাজ করে না। তবে সিরিজের ফলাফল এখন ২-১। সিরিজের এখনো দুটি ম্যাচ বাকি আছে। তাই এখনো আমাদের ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে ট্রফি বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ আছে। আমরা এখন আমাদের সামনের ম্যাচগুলো কীভাবে ভালো করা যায়, সেগুলো নিয়ে কাজ করছি।’
এছাড়া এই ম্যাচে ডিএরএস নিয়ে প্রশ্ন তোলেন ইংলিশ অধিনায়ক। কেননা, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংশিল ওপেনার জ্যাক ক্রাউলির এলবিডব্লিউ আউট নিয়ে স্টোকস বলেন, ‘রিপ্লেতে স্পষ্টভাবে দেখা যায় বল স্টাম্পের বাইরে ছিল। তবে আম্পায়ার এটিকে আউট ঘোষণা করেন। তাই আমরা এই আউট নিয়ে আম্পায়ারের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলাম।’
এদিকে ম্যাচ জয়ের পর সিরিজে এগিয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেখানে এই ম্যাচ নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘এই মাঠে জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনি টস জিতে বোর্ডে নিজেদের ভালো পুঁজি তোলা বেশ গুরুত্বপূর্ণ এবং আমরা যে লিড পেয়েছি, তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া আমাদের দলের বোলাররা যেভাবে বল করেছে। তার জন্য আমি সত্যিই অনেক গর্বিত।’ চলমান সিরিজের চতুর্থ ম্যাচ আগামী ২৩ তারিখে অনুষ্ঠিত হবে।
