পরিবহনে চাঁদাবাজির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ সভাপতিসহ গ্রেফতার ৪

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:১৫

সিদ্ধিরগঞ্জে পরিবহন সেক্টরে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। বুধবার  বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো—আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, জাসদ (ইনু) সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি এস এম মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল হক জহির ও ইলিয়াস মোল্লা ইলু। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম) জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত্ মহাসড়কে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহনে ও ফুটপাতে চাঁদাবাজি করে আসছে। প্রতিদিন পরিবহন সেক্টর থেকে ২০ হাজার টাকা ও ফুটপাত থেকে ৩০ হাজার টাকা চাঁদা উত্তোলন করত চাঁদাবাজরা। গ্রেফতার করার সময় এ চারজনের কাছ থেকে ৮টি মোবাইল ফোন ও ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

গত ৩১ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন পরিবহন চাঁদাবাজকে আটক করে র্যাব-১১। এ ঘটনায় ১ জুন র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। ওই মামলায় মঙ্গলবার গ্রেফতার হওয়া চারজনের নামও ছিল। এছাড়া, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির আরো মামলা রয়েছে বলে জানায় পুলিশ।