মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। প্রতিনিধিদলে ছিলেন ইউএসডিএর আন্তর্জাতিক প্রোগ্রাম বিশেষজ্ঞ জেসিকা মুজিতাবা ফার্নান্দেজ, ইমানুইলা মুনতানারি স্টিফেনস, এপিএএআরআইর নির্বাহী সচিব ড. রবি খেত্রপাল, ইউএসএআইডির প্রতিনিধি মোহাম্মদ শিবলী এবং ইউএসডিএ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহীদ উদ্দিন আহমেদ।
অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার। পরে অতিথিবৃন্দ বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ তাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এছাড়া তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এবং মহাপরিচালকের দপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের আইপিএম ল্যাব পরিদর্শন করেন এবং বাংলাদেশে ফসলের জন্য ক্ষতিকর ফল আর্মিওয়ার্ম পোকার ওপর গবেষণা এবং তার অগ্রগতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। তারা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
