শ্রীপুরে পানিতে চুবিয়ে প্রতিবন্ধী বৃদ্ধকে হত্যা, আটক ২

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:১৭

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে চুবিয়ে অছিম উদ্দিন (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে পৌর এলাকার কড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অছিম উদ্দিন গাজীপুর জেলার টঙ্গী থানার পাগার পাঠানপাড়া গ্রামের মৃত কুরবান খানের পুত্র। তিনি প্রায় ১৫ বছর আগে পৌর এলাকার বহেরারচালা গ্রামে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

আটক দুজন হলো : পৌর এলাকার বহেরারচালা গ্রামের নবাব আলীর পুত্র আফতাব (৪২) ও মোতালেবের পুত্র আব্দুল মালেক (৩৮) ।

স্থানীয়রা জানায়, এলাকার কতিপয় দুষ্কৃতকারী মানসিক ভারসাম্যহীন অছিম উদ্দিনকে পানিতে চুবানোর সময় এক শিশু দেখে ফেললে তারা পালিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন পুকুরে গিয়ে অছিম উদ্দিনকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। পরে শ্রীপুর থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আজাহারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের  জিজ্ঞাসাবাদ চলছে।

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলার মাওনা হাইওয়ে থানার কনস্টেবল শ্যামল চন্দ্র দেব গতকাল সকালে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার তুলশিপুর গ্রামের মৃত কুমুদ বন্দু দেবের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ওসি মো.দেলোয়ার হুসেন জানান, কনস্টেবল শ্যামল গত ১১ জুন কর্মরত অবস্থায় মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন। পরে হাসপাতালে বুধবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।