ওয়াসার পানির ৮টি নমুনায় দূষণ পেয়েছে অনুসন্ধান কমিটি

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৩৮

ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি জোন এবং সায়েদাবাদ ও চাঁদনিঘাট এলাকা থেকে সংগৃহীত আটটি নমুনার পানিতে দূষণ পেয়েছে এ সংক্রান্ত অনুসন্ধান কমিটি। এসব এলাকার পানিতে ব্যাকটেরিয়া, উচ্চ মাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে। বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দাখিল করা হয়। রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হবে। প্রতিবেদনে পানির দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিন দফা সুপারিশ করেছে কমিটি।

গত ২১ মে হাইকোর্ট এক আদেশে ঢাকা ওয়াসার পানির উত্স, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করতে নির্দেশ দেয়। এরপর ঐ ৩৪টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে তা আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পরীক্ষা করা হয়। এরমধ্যে আটটি নমুনাতে দূষণ পেয়েছে অনুসন্ধান কমিটি।

ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া এক নির্দেশে ঢাকা ওয়াসার পানি পরীক্ষার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিডিডিআরবির প্রতিনিধি রাখা হয়।  কমিটির নামের তালিকা গত ১৮ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠায় মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আদালত গত ২১ মে পানি পরীক্ষার নির্দেশ দেয়।