দুদক কর্মচারী বরখাস্ত

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৩৮

প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারী ইমরান হোসেন হায়দারকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

গতকাল বুধবার দুদক চেয়ারম্যান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশের বিবরণে বলা হয়, ইমরানের বিরুদ্ধে পটুয়াখালীর জনৈক কারি আব্দুল মান্নান সিদকার এক লাখ ২০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল নেওয়ার চেষ্টার অভিযোগ করেন। প্রতারণা করে ইমরান ঐ ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা নেন। এছাড়া ইমরানের স্ত্রী ফেরদৌসী হায়দারের ছোটো বোন আইরিন আক্তার নারী নির্যাতনের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় তিনি গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন। ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার পরও প্রতারণাপূর্বক শারীরিক অসুস্থতার মিথ্যা অজুহাতে ২০ দিনের ছুটি মঞ্জুরের জন্য তার মা মায়া বেগমের স্বাক্ষরে কমিশনে উপস্থাপন করেন। তার বিরুদ্ধে দুই দফায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী দাখিল করা হয়। তার স্ত্রীর স্বাক্ষরে যে জবাব কমিশনের দাখিল করা তা বিবেচনাযোগ্য না হওয়ায় তাকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী কনস্টেবল-৪২৩ (সাময়িক বরখাস্ত) থেকে বরখাস্ত করা হলো।