আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বাড়বে। তথ্য বিকৃত করে সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমবে।
গতকাল বুধবার বিকালে রাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে এনটিভি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৬ বছর পার করে ১৭ বছরে পা রেখেছে এনটিভি। এ উপলক্ষে বুধবার এনটিভি কার্যালয়ে বেশ কয়েকজন মন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কেক কাটা হয়। উপস্থিত সবার প্রত্যাশা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব ধরে রেখে আরো এগিয়ে যাবে এনটিভি। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাঈফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, মো. আশফাক উদ্দিন আহমেদ, এনটিভির আইন উপদেষ্টা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, নির্মাতা সালাইদ্দিন লাভলু, অভিনেত্রী সুমাইয়া শিমু প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে। আমরা সবাই এনটিভির নাটক, অনুষ্ঠান ও সংবাদ দেখে থাকি। আমার ভালো লাগে মানসম্মত অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য।
