ইউএসটিসির শিক্ষকের গায়ে কেরোসিন দেওয়ার ঘটনায় আটক শিক্ষার্থী কারাগরে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৪০

ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেওয়ার ঘটনায় আটক শিক্ষার্থী মাহমুদুল হাসানকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে আটক করার পর ইউএসটিসির কর্তৃপক্ষের পক্ষ থেকে খুলশী থানায় মামলা করা হয়। ইউএসটিসি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, এই ঘটনা তদন্ত কমিটি দোষীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে। কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে। তা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় পরিবেশ শান্ত রয়েছে।

এদিকে অধ্যাপক মাসুদ মাহমুদকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি বিভাগের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। চবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাইনুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকরা। তারা অধ্যাপক মাসুদ মাহমুদের উপর ন্যক্কারজনক হামলার নিন্দা এবং অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।