মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিশ্বে উন্নয়নের এক সফল ‘স্টোরি’। দুই দেশ একত্রে যা অর্জন করেছে তার জন্য আমি গর্ববোধ করি। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৮ দশমিক ২ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ২৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া সরকারের প্রতিনিধি, রাজনীতিক ও বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, দুই দেশের নিরাপত্তা ও সামরিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশের মানুষকে অভিবাদন জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে, নারীর ক্ষমতায়নে এবং মানবপাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে সহায়তা দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ২৪৩তম স্বাধীনতা দিবস আজ। ১৭৭৬ সালের এ দিনে ১৩টি উপনিবেশের কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। এর দুই দিন আগেই অবশ্য প্রতিনিধিরা ব্রিটেনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে স্বাধীনতার পক্ষে ভোট দেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৮৮০-২-৫৫৬৬২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
