রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় আমজাদ হোসেন (৩৮) নামে এক দোকান কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মচারীদের মধ্যে বিরোধের সূত্র ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন আরেক দোকান কর্মচারী উজ্জ্বলকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজলা ব্রিজ এলাকায় ‘কর্ণফুলী সুইটমিট’ নামে একটি মিষ্টির দোকানের কারিগর ছিলেন আমজাদ। রাতে তিনি দোকানের ভেতরেই ঘুমাতেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে শেষবার কথা বলেন দোকান মালিক সেন্টু ঘোষ। এরপর গতকাল বিকাল ৩টার দিকে তিনি (সেন্টু) গিয়ে দোকান বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার সন্দেহ হয়। একপর্যায়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে দোকান খুলে আমজাদ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠায়। নিহতের কাঁধসহ দেহের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই রুহুল আমিন খান জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। বাবা প্রয়াত মুসলিম খান। আমজাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারা গ্রামের বাড়িতে থাকেন।
