শেখ হাসিনার ট্রেনে হামলার মামলা বানোয়াট : মির্জা ফখরুল

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৪৫

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (তত্কালীন বিরোধীদলীয় নেতা) ট্রেনবহরে হামলার মামলাকে সম্পূর্ণ বানোয়াট ও সাজানো বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিতভাবে নিজদলীয় লোকদের দিয়েই ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করা হয়েছিল, যা সর্বজনবিদিত। রাজনৈতিক ষড়যন্ত্রে আওয়ামী লীগের জুড়ি মেলা ভার।

গতকাল বুধবার আদালতের এ রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর পর এই রায় ঘোষণায় প্রমাণিত হয় যে, সরকারের ক্রমপ্রসারমান ফাঁসির দড়ি এখন বিএনপির নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের দিকে ধাবিত হচ্ছে। এদিকে,  মির্জা ফখরুল গতকাল বুধবার পাবনায় রায় ঘোষণার পরপরই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।