প্রেমিকার সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০১:০১

প্রেমিকার সঙ্গে অভিমান করে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে সাজিদুর রহমান ওরফে জুদান (২০) নামে ঢাকা সিটি কলেজের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন্দর থানা পুলিশ গতকাল বুধবার রাতে বন্দর থানার চরধলেশ্বরীর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত কলেজছাত্র জুদান ঢাকা মোহাম্মদপুর থানার বছিলা এলাকার মজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক হামিদুল জানান, গত রবিবার বিকালে জুদান বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার তিনদিন পর গত বুধবার সন্ধ্যায় তার মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রেমঘটিত সম্পর্কের কারণে কলেজছাত্র মনের ক্ষোভে নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। জিদানের পরিবার জানিয়েছে সে সাঁতার জানত না।

এদিকে মৃত্যুর পূর্বে নিহত কলেজছাত্র সাজিদুর রহমানের ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। তিনি লেখেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জিদানের মৃত্যুর সংবাদ শুনে নিহতের পরিবার ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।