মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২১

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল রিচ মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী সিআইপি মোহাম্মদ সোহেল রানা।

মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ স্বাগত বক্তব্য দেন। এরপর প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর।

রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকার আন্দোলন শুরু হয় এবং পরে স্বাধীনতার এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি প্রবাসী বাংলাদেশিদের ভাষা আন্দোলন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের  চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষার চর্চা ও বাঙালি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইত্তেফাক/এসকে