ক’দিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রী কৃতি শ্যাননের ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। এই সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের প্রথমবারের মতো রোবট হয়ে পর্দায় এসেছেন তিনি। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়াও ফেলেছে। যার প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে বক্স অফিসে।
এবার এমন সাফল্যের মাঝেই নতুন সিনেমা নিয়ে শিরোনামে এলেন কৃতি। শিগগিরই পর্দায় আসবে তার ‘ক্রু’ সিনেমাটি। এতে প্রথমবারের মতো কৃতি, টাবু ও কারিনা কাপুরকে একসঙ্গে দেখবেন দর্শকরা। বিষয়টি নিয়ে এরইমধ্যে কৌতুহল তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মাঝে। এবার তাদের নজর কাড়লো সিনেমাটির ফার্স্টলুক।
গতকাল কারিনা কাপুর, টাবু ও কৃতি স্যাননের গ্ল্যামারাস ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। লুকের সঙ্গে তিন নায়িকার চরিত্রগুলোকেও পরিচয় করে দেওয়া হয়েছে। কারিনার লুকের সঙ্গে ট্যাগলাইন জুড়ে দেওয়া হয়েছে ‘চুরি কর;, টাবুর ‘রিস্ক ইট এবং কৃতির ট্যাগলাইন লেখা হয়েছে ‘ফেক ইট’! ফার্স্টলুকের পোস্টারটি শেয়ার করে কারিনা লিখেছেন, ‘চেক-ইন করার জন্য প্রস্তুত? ক্রুর সাথে উড়তে যাওয়ার সময় হয়েছে!

অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে কৃতি ভারতীয় গণমাধ্যমে বলেন, একটি অদ্ভুত মজার সিনেমা ক্রু। এই তিন নারীর সৌহার্দ্যের সঙ্গে এর সম্পর্ক অনেক। তাছাড়া সিনেমাটিতে রোমাঞ্চের উপাদানও রয়েছে। পর্দায় নিজেকের দারুণ দুই অভিনেত্রীর সঙ্গে দেখার অপেক্ষায় আছি।’ জানা গেছে, রাজেশ এ কৃষ্ণান পরিচালিত ক্রু সিনেমাটি কমেডি ঘরানার। সিনেমাটিতে কৃতি, কারিনা, টাবু ছাড়াও অভিনয় করছেন দিলজিত্ দোসাঞ্জ। এছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কপিল শর্মাকে।
