রিংয়েই নারী বক্সারের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৫:২৪

বক্সিং ক্লাবে অনুশীলন করার সময় রিংয়েই মৃত্যু হলো এক নারী বক্সারের। বুধবার সন্ধ্যায় ভারতের ভবানীপুর এ ঘটনা ঘটে। ওই বক্সারের নাম জ্যোতি প্রধান (২০)। 

অনুশীলনের সময় জ্যোতি প্রধানের সঙ্গী ছিলেন সুরজ সিংহ, শিবমকুমার সিংহ। তারা জানান, জ্যোতি বিকাল ৫টায় রিং-এ নেমে তিন মিনিট করে পরপর দুই বার পাঞ্চিং ব্যাগে ঘুষি মারা অনুশীলন করছিলেন। মাঝখানে এক মিনিট করে বিশ্রামও নিচ্ছিলেন। তৃতীয় বার অনুশীলন করার পরে বিশ্রাম নিতে গিয়ে পানির গ্লাস তুলে নিয়েছিলেন হাতে। তারপরেই মাটিতে লুটিয়ে পড়েন। 

মেয়েদের সিনিয়র বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন ছিলেন জ্যোতি। বক্সার সুরজ বললেন, জ্যোতির দাঁতে দাঁত লেগে গিয়েছিল। পানি গড়িয়ে পড়ছিল মুখের পাশ দিয়ে। আমরা তাকে পানি খাওয়াতে চেষ্টা করি। কিন্তু দাঁত খোলা যাচ্ছে না দেখে সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসি। জ্যোতিকে দেখে ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন। 

জ্যোতির বাবা রাজুপ্রসাদ প্রধান বললেন, জ্যোতি চার মেয়ের মধ্যে ছোট। কয়েক মাস আগে ওর জন্ডিস হয়েছিল। লিভার বড় হয়ে গিয়েছিল। চিকিৎসার পর সুস্থ ছিল। কিন্তু কী যে হলো।

ইত্তেফাক/জেডএইচ