বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান সদ্য কারামুক্ত দলীয় দুই নেতার বাসায় গিয়ে দেখা করেছেন। এসময় তিনি কারামুক্ত নেতাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসায় গিয়ে খোঁজ নেন আব্দুল মঈন খান। পরে দুপুর ২টা ৩০ মিনিটে দলটির ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বাসায় গিয়ে খোঁজ নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘আব্দুল মঈন খান কারামুক্ত নেতাদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থাসহ নানা বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।’
গত ১৫ ফেব্রুয়ারি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত ১০ অক্টোবর গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর বাড্ডা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে আটক হন এমরান সালেহ প্রিন্স। পরে গত ১০ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি।
