বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর শুরু

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫:১৫

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪১ মিনিটে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ২টার পর থেকে লাশ হস্তান্তরের জন্য নিহতদের স্বজনদের তথ্য চায় ঢাকা জেলা প্রশাসন। তথ্য সংগ্রহ সাপেক্ষে লাশ শনাক্তের পর মরদেহ হস্তান্তর শুরু হয়।

লাশ হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত ঢাকা জেলা প্রশাসনের কাছে নিহত ১৬ জনের তথ্য রয়েছে। রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) গোলাম হোসেন বলেন, নিহতদের স্বজনেরা যাদের শনাক্ত করেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইত্তেফাক/পিও