এসো খেলি মজার খেলা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:৩৫

ছোট্ট সোনামণি লক্ষ্মী ও দুষ্টু মিষ্টি বন্ধুরা, স্কুলের বই পড়তে পড়তে একটু অবসরে খেলাধুলা করতে নিশ্চয়ই সবার ভালো লাগে। আমাদের দেশীয় গ্রামীণ খেলা হাডুডু, দাড়িয়াবান্ধা, বৌচি, লুকোচুরি, এক্কাদোক্কা, গোল্লাছুট, বরফপানি, ডাংগুলি বা বিদেশি খেলা ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল সব খেলা দারুণ মজার। তবে এসব খেলতে তো মাঠে যেতে হবে।

কিন্তু বর্ষা মৌসুমে লাগাতার বৃষ্টির জন্য তো ঘরের বাইরে যাওয়া নিষেধ। তাই বলে কি খেলতে মানা! ঘরে বসে কয়েকজন মিলে বা একাই খেলতে পারবে মজার মজার খেলা।

২ থেকে ৪ জন সঙ্গীর সঙ্গে খেলতে পার মার্বেল, লুডু, ক্যারাম, মনোপলি, শব্দজব্দ, ওপেনটুবায়োস্কোপ, পাঁচঘুঁটি, ষোলঘুঁটি, চোর-ডাকাত-পুলিশ-বাবু, রাম-সাম-যদু-মধু, পাজেল বা ধাঁধার মজার খেলা। একা একাই খেলতে পার সাপলুডু, বাগাডুলি।

এখন খুব সাধারণ আর মজার একটি খেলা শেখাব তোমাদের। খেলাটার আঞ্চলিক নাম টোকাটুকি। তো চলো শুরু করি—

 

উপকরণ :

১. ম্যাচের কাঠিভর্তি বাক্স দুটি বা তার বেশি। (মায়ের অনুমতি নিয়ে নেবে কিন্তু)

২. একটি পাঁচ ইঞ্চি লম্বা সরু কাঠি।

 

খেলার নিয়ম :

এবার মেঝেতে বসো। চক বা রংপেনসিল দিয়ে মাঝারি আকারের একটা বৃত্ত আঁক। কাঠিগুলো দু হাতের মধ্যে নাও। একটু ওপর থেকে মেঝেতে ফেলো, তবে খেয়াল রাখবে যেন বেশি ছড়িয়ে না যায়। বৃত্তের মধ্যেই যেন কাঠিগুলো থাকে। কী, খেয়াল করছ? কয়েকটি কাঠি একসঙ্গে জটলা হয়ে আছে আর কয়েকটি একটু দূরে ছডিয়ে পড়েছে। এখন লম্বা দম নিয়ে ‘ছি.....’ দাও আর পাঁচ ইঞ্চি কাঠির সাহায্যে একটি একটি করে ম্যাচের কাঠি বৃত্তের বাইরে নিতে চেষ্টা করো। তবে সতর্ক থাকতে হবে, অন্য কোনো কাঠি তার অবস্থান থেকে এক চুল  পরিমাণও যেন না নড়ে। যদি দম ফুরিয়ে যায় বা কাঠির অবস্থান নড়ে যায়, তবে খেলার অন্য সাথী সুযোগ পাবে।

এভাবে যার কাঠির সংখ্যা কম সেই কম কাঠির সঙ্গে যার কাঠির সংখ্যা বেশি সেই কম পরিমাণ কাঠি একসঙ্গে সংযুক্ত করে আবার খেলা হবে। একসময় একজন ফতুর হবে আর একজন রাজা।

শুধু ম্যাচের কাঠি নয়, কটনবাড, পুরনো কলম, চুড়ির ভাঙা টুকরো সংগ্রহ করেও এই খেলা খেলতে পারবে তোমরা।

 

খেলো মনের আনন্দে

গ্রীষ্ম বর্ষা শীতে,

শরীর-মনে সবল থেকো

যাবে সদা জিতে।