মা, ওগো মা, যাই

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:৩৬

হাওয়ায় ভাসার স্বপ্ন নিয়ে

বলছি মাকে—উড়ি

দূরের আকাশ;

ঢেউ তুলেছে রোদসমুদ্দুর;

ঘুড়ি!

 

উড়তে উড়তে সূর্যমামার বাড়ির কাছে যাই

হাতের নাগাল পেলে তাকে বলব কথাটাই—

এত্ত কেন গরম ছড়াও ঝরছে মাথার ঘাম

মেঘের শিকল দাও না খুলে ঘুরুক ডান ও বাম

আহ্লাদী মন; খানিক হাসুক

কাঁদুক পুরো দিন

পরে না হয় দিও ছড়িয়ে

কড়া রোদের পিন।

 

মা, ওগো মা, যাই?

ভাঙব শিকল মেঘ বাঁধানো

করছি প্রতিজ্ঞাই

সূর্যমামার কড়কড়ে রোদ

ভাল্লাগে না—ছাই!