দোয়েল পাখির সবুজ শিসে
নীলের আকাশ চমকালো
ফুলের বুকে ফাগুন নাচে
ফুল হলো তাই জমকালো।
সুয্যি খোকা ঘুম ভেঙে চায়
পুব দিকে তাই ভোর লাগে
চিক চিক চিক শিশির ফোঁটায়
ঘাসের চোখে ঘোর লাগে।
পদ্ম পলাশ শাপলা বেলি
প্রাণের প্রেমে মাতলো আজ
রঙের সাথে বন প্রকৃতি
তাই মিতালি পাতলো আজ।
ভাসলো ভোঁদড় হাসলো বোয়াল
নাচলো পুঁটি খলসে তাই
হাজার খুশির আলোক আভায়
মনটা ওঠে ঝলসে তাই!
